১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫২

সাংবাদিক ও ব্লগার আশিকুর রহমান শুভ গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট রবিবার, মে ২২, ২০২২,

শনিবার গভীররাতে সাদা পোশাকে নিজ বাড়ি থেকে দৈনিক সোনার সিলেট’র ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং ব্লগার আশিকুর রহমান শুভ’কে তথ্য ও প্রযুক্তি আইনের মিথ্যা মামলায় গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। এনিয়ে সাংবাদিক সমাজে চরম ক্ষোভ বিরাজ করছে।

সাংবাদিক আশিকুর রহমান শুভ’র পিতা আব্দুল মনাফ জানান শনিবার দিবাগত রাত ২ঃ৩০ টার দিকে পুলিশ পরিচয়ে কয়েকজন অস্ত্রধারী লোক শুভ’কে তাদের বাড়ি থেকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তিনি থানায় গিয়ে জানতে পারেন সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় শুভ কে আটক দেখানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে থানার ওসি কোন সদুত্তর দেননি এবং ব্যাস্ততা দেখিয়ে এড়িয়ে যান।

বিভিন্ন সময় প্রভাবশালী মাদক কারবারীদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন সাংবাদিক আশিকুর রহমান শুভ। দীর্ঘদিন যাবত তিনি গুম-হামলা ও মামলার হুমকি পাচ্ছিলেন। এ ব্যাপারে তিনি ওসমানীনগর থানাকে মৌখিকভাবে অবগতও করেছিলেন। প্রতিবেদন প্রকাশের জেরে গত ২৪শে এপ্রিল ২০২২ তারিখে ‘দৈনিক সোনার সিলেট’ পত্রিকা অফিসে হামলা ও ভাঙচূড় চালায় সন্ত্রাসীরা। এসময় তারা ল্যাপটপ,সিসিটিভি ক্যামেরা সহ অফিসের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র ধ্বংস করে। ৩রা মে তারিখে পত্রিকা অফিস থেকে বাড়ি ফেরার পথে মুখোশধারী সন্ত্রাসীরা প্রাণনাশের উদ্দেশ্যে আশিকুর রহমান শুভ’র উপর হামলা চালায় এবং মারাত্মক ভাবে আহত করে। সর্বশেষ ১২ই মে ওসমানীনগর উপজেলার ইউপি সদস্য সেবুল মিয়ার নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে পরিবারের লোকজন মামলা করতে গেলে ওসমানীনগর থানা পুলিশ মামলা গ্রহণ না করে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে এবং তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর অনেকেই বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সাংবাদিক আশিকুর রহমান শুভ। উপজেলায় মাদকের আস্তানা ও গডফাদারদের বিরুদ্ধে তিনি তার পত্রিকা এবং ব্লগে লেখালেখি করেছিলেন। পরে পুলিশ জড়িতদের আটক করে জেলহাজতে পাঠান। এর পর থেকে শুভ’র জীবনে বৈরীতা সৃষ্টি হয়। আটককৃত মাদক কারবারিরা প্রভাবশালী হওয়ায় মিথ্যা সাজানো মামলায় তাকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক ও ব্লগার আশিকুর রহমান শুভ’র মুক্তি দাবী করে বিবৃতি দিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। অন্যদিকে, ক্ষোভে ফেটে পড়েছে ওসমানীনগরসহ সারাদেশের সাংবাদিকরা। সাংবাদিক শুভ’র মুক্তি এবং মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবীতে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর হুশিয়ারি দিয়েছে ওসমানীনগর রিপোর্টার্স ইউনিটি ও ওসমানীনগর প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠনগুলো।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, “সাংবাদিক শুভ’র সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ আসলে তদন্ত করে সেটার সত্যতা পাওয়া যায়। ফলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo