
ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকী / শব্দের পালতোলা নৌকায় জাগরণের অভিযাত্রা
বাংলা কবিতার বিস্তীর্ণ সমুদ্রে কিছু কবি আছেন, যাঁদের কণ্ঠে সময়ের দীর্ঘশ্বাস ধ্বনিত হয়; আবার কিছু কবি আছেন, যাঁরা সেই দীর্ঘশ্বাসের ভেতরেই জাগিয়ে তোলেন নতুন দিনের স্বপ্ন। ফররুখ আহমদ ছিলেন তেমনই এক কবি। তাঁর কবিতায় আছে হারানো গৌরবের স্মৃতি, আত্মপরিচয়ের অনুসন্ধান, অন্ধকারের বুক চিরে আলোর দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। কখনো তিনি কুয়াশায় পথ হারানো নাবিক, কখনো দুর্দম সমুদ্রের বুকে দাঁড় টানা মাঝি, কখনো বা নিপীড়িত মানুষের মুক্তির প্রত্যাশায় উচ্চকিত এক কণ্ঠস্বর। ‘রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি?’—এই একটি প্রশ্নেই যেন ধরা পড়ে তাঁর কাব্যজগতের অন্তর্গত আকুলতা। এখানে রাত কেবল প্রকৃতির অন্ধকার নয়;...





















































































































































