ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আহত হয়েছেন আরও একজন।
গত রাত ১০টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কামরুল মাতুব্বর ও ছলেমান শরীফ।
আধিপত্য বিস্তার নিয়ে জান্দি গ্রামের কামরুল মাতুব্বর ও জামাল শেখের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে জামাল ও তার সহযোগীরা কামরুল মাতুব্বরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে নিহত হন কামরুল মাতুব্বরের সহযোগী ছলেমন শরীফ।
আহত কামরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথেই মারা যান তিনি। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত দুজনের মধ্যে সলেমান শরিফ (৩৫) জান্দী গ্রামের মৃত গোপাল শরিফের ছেলে। সলেমান বিবাহিত এবং দুই মেয়ের বাবা। নিহত অপর ব্যক্তির নাম কামরুল মাতুব্বর (৩২)। তিনি একই গ্রামের মৃত কামাল মাতুব্বরের ছেলে। তিনি বিবাহিত এবং তার ১৮ বছর বয়সী একটি ছেলে আছে।
হামলার ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক আমীরুল মাতুব্বর (৪০)। তিনি জান্দী গ্রামের বাসিন্দা মৃত মনিরউদ্দিন মাতুব্বরের ছেলে।