মূল সংবাদে যান

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাহিত্য
কেমুসাসের ১২৯১তম সাহিত্য আসর

কবি দিলওয়ার গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকারবঞ্চিত মানুষের কথা কবিতায় তুলে ধরেছেন

কবি দিলওয়ার গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকারবঞ্চিত মানুষের কথা কবিতায় তুলে ধরেছেন
গণমানুষের কবি দিলওয়ারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রাচীনতম সাহিত্যপ্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৯১তম সাপ্তাহিক সাহিত্য আসরের অংশ হিসেবে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে এবং কবি এস এম ফাহিমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি মাহফুজ জোহা।
আলোচনায় বক্তারা বলেন, কবি দিলওয়ার বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র কণ্ঠস্বর। তাঁর কবিতায় শোষিত, বঞ্চিত ও সাধারণ মানুষের জীবনসংগ্রাম, অধিকারবোধ এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। গণমানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিক চেতনার কারণে তিনি বাংলা কবিতায় স্মরণীয় হয়ে আছেন। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের পাঠক ও লেখকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা কবি দিলওয়ারের সাহিত্যকর্ম চর্চা, সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তাঁর কবিতার আবেদন তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আসরে স্বরচিত লেখা পাঠ করেন এস এম নজরুল ইসলাম তালুকদার, লোকমান হাফিজ, সুফি আকবর, আতাউর রহমান বঙ্গী, লবিদ হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল, মোস্তাফিজুর রহমান, কামাল আহমদ, লিলু মিয়া। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও বাহাউদ্দিন বাহার।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন কারি মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল। সেরালেখক মনোনীত হন আতাউর রহমান বঙ্গী।