ছড়া
গুচ্ছ ছড়া ।। মিলনকান্তি দাস
ক্ষমতার ভাবনা
কেউ কেউ ক্ষমতাকে
ভাবে বাহাদুরী
এই ভেবে কিছু লোক
করে যায় চুরি।
কেউ কেউ ক্ষমতাকে
ভাবে চিরস্থায়ী
ক্ষমতার পতনেতে
ওরা থাকে দায়ী।
কেউ কেউ ক্ষমতাকে
ভাবে তার ভিটা
একদিন ওরা খায়
পাথরের ইটা।
কেউ কেউ ক্ষমতাকে
ভাবে শুধু তার
একদিন জনগণ
ধরে তার ঘাড়।
রাজনীতির র
রাজনীতির র জানে না
সে-ও দেখি নেতা
ভোট নাই একটাও
তবু চায় জেতা।
রাজনীতির র জানে না
ভাবে বড় নেতা
এইসব দেখে মনে
পাই সদা ব্যথা।
রাজনীতির র জানে না
নাই দাড়ি কমা
রাজনীতি করে চলে
আছে বলে মামা।
রাজনীতির র জানে না
তবু সদা দৌড়ে
নেতা হতে চায় সদা
উপজেলা,পৌরে।
রাজনীতির র জানে না
পদ চায় তবে
এই দেশে রাজনীতি
ঠিক হবে কবে?
নির্বাচনে নেতা বলে
নির্বাচনে নেতা বলে
রেখো মোরে আস্থা
ভোট শেষে দিন যায়
তবু নাই রাস্তা।
চারিদিকে চোখে পড়ে
মানুষের কষ্ট
রাস্তাঘাট সব যেন
হয়ে গেছে নষ্ট।
দূর্ঘটনা রোজ ঘটে
পড়ে রোজ চোখে
রাস্তা নিয়ে গালাগালি
করছেই লোকে।
ভোট এলে আসে ওরা
ধরে হাতে পায়ে
জনতার মন গলে
আধাকাপ চায়ে।
সাথে থাকে বিড়ি পান
দিয়ে নেয় ভোট
নির্বাচনে পাশ করে
মনে হরিলুট।
জনতার কথা আর
থাকেনা যে মনে
পাশ করে তার মন
চলে যায় টনে।
এই কোন রাজনীতি
এই কোন রাজনীতি
দেখি আজ চোখে
হানাহানি,মারামারি
চলে লোকে লোকে।
এই কোন রাজনীতি
এই দেশে চলে
দেখে ভাবি আমি আছি
সিনেমার হলে।
ঘর জ্বলে,বাড়ি জ্বলে
জ্বলে আরো কত
রোজ রোজ কত হয়
রাজপথে হত।
রোজ রোজ আরো কত
হতে হয় মব
এই দেশে প্রতিদিন
দেখি এই সব।
এই কোন রাজনীতি
দেখি রোজ রোজ
জনতার টাকা দিয়ে
করে ভূড়িভোজ।।
এই কোন রাজনীতি
এই আর কত
রাজনীতি কবে হবে
পুরো যথাযথ?
রাজনীতির মাঠ
রাজনীতির মাঠে দেখি
কত খেলোয়াড়
কেউ সদা জিতে যায়
কারো সদা হার।
রাজনীতির মাঠে সদা
হার জিত খেলা
রাজনীতির নেশা নিয়ে
কারো কাটে বেলা।
রাজনীতির মাঠে কেউ
দিয়ে যায় গোল
রাজনীতি করে হারে
করে কিছু ভুল।
রাজনীতির মাঠে কেউ
লিওনেল মেসি
রাজনীতির মাঠে রাজা
যার লোক বেশী।
রাজনীতির মাঠে কেউ
ম্যারোডনা,পেলে
রাজনীতির মাঠে কেউ
একা যায় খেলে।
রাজনীতির মাঠে কেউ
মহা ডিগবাজ
রাজনীতি করে কেউ
হারিয়েছে লাজ।
রাজনীতির মাঠে কারো
কোন নেই দাম
কত লোকে বলে তারে
তুই বেটা থাম।
নির্বাচনে জননেতা
নির্বাচনে জননেতা
পরে খোঁজ নাই
পাশ করে কারো মনে
শুধু খাই খাই।
নির্বাচনে জনবন্ধু
পরে স্বার্থপর
স্বার্থ শেষ হয়ে গেলে
বলে সর সর।
নির্বাচন চলে এলে
মুখে নীতি বুলি
স্বার্থ শেষ হয়ে গেলে
কেউ মারে গুলি।
নির্বাচনে চলে এলে
চিড়া মুড়ি মিলে
নির্বাচন শেষে নেতা
রাখেনা যে দিলে।
নির্বাচনে কেউ খুশি
পেয়ে দুটো বিড়ি
নির্বাচন শেষ হলে
নেতা টানে দড়ি।
রাজনীতির খেলা
রাজনীতি করে কেউ
ধনী রাতারাতি
রাজনীতি করে কারো
জ্বলে লালবাতি।
রাজনীতি করে কেউ
দেশ পলাতক
রাজনীতি করে কারো
মিটে যায় শখ।
রাজনীতি করে কেউ
পাড়ে শুধু ডিম
ঘরে থাকা বউ তার
পায়না যে ক্রিম।
রাজনীতি করে কেউ
বখাটের দলে
রাজনীতি করে কারো
সব রসাতলে।
রাজনীতি করে কারো
বাড়ে শুধু ঋণ
কেউ কেউ বেচে ফেলে
ঘরে থাকা টিন।
রাজনীতি করে কেউ
চড়ে দামী গাড়ি
রাজনীতি করে কেউ
হারিয়েছে বাড়ি।
রাজনীতি করে কেউ
যায় শুধু জেলে
কত লোক পথে বসে
রাজনীতি খেলে।
মিলন কান্তি দাস
গ্রাম : ডালাইচর,কানাইঘাট পৌরসভা, সিলেট
পেশা : শিক্ষক
শিক্ষাজীবন : এমকম (একাউন্টিং),এলএলবি
সংসার জীবন : সহধর্মিনী পেশায় শিক্ষক ও ২ কন্যা সন্তানের জনক।
সাহিত্য জীবন : ২০০৩ সালে লেখালিখি শুরু।
প্রকাশিত গ্রন্থ : একক ২টি, যৌথ শতাধিক।
পুরস্কার ও সম্মাননা : ভারতের আসাম হতে দুটি আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা অর্জনসহ বিভিন্ন সম্মাননা অর্জন।
