সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রির যে তারিখ ছড়িয়ে পড়েছে সেটি সত্য নয় বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত এক সভা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কথাও জানিয়েছে মন্ত্রণালয়। আগামী ২৩ এপ্রিল থেকে ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে মন্ত্রণালয় এখনো টিকিট বিক্রির পুরো শিডিউল দেয়নি।
রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী দু-এক দিনের মধ্যে ঈদযাত্রার শিডিউল নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলন করবেন।
কিছুদিন আগে ট্রেনের টিকিট বিক্রির পুরো সিস্টেমের দায়িত্ব পায় সহজডটকম। এরপর টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এমন অবস্থায় অনলাইনে ভুয়া তালিকাও ছড়িয়ে পড়েছে। ‘বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং সার্ভিস’ নামে ট্রেনের টিকিটের অগ্রিম ঐ ভুয়া তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে ২৩ তারিখের টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিল, ২৪ তারিখের ২৮, ২৫ তারিখের টিকিট ২৯ এপ্রিল, ২৬ তারিখের টিকিট ৩০ এপ্রিল এবং ২৭ এপ্রিলের টিকিট ১ মে বিক্রি করা হবে।
ঐ ভুয়া তালিকায় ট্রেন ছাড়ার পর টিকিট বিক্রির তারিখ দেখানো হয়।