ইউরোর আগে প্রীতি ম্যাচে মাঠে নামছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ব্রাসেলসের কিং বাউদোয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রোববার (৬ জুন) রাত পৌনে একটায়।
গত সপ্তাহে গ্রিসের বিপক্ষে ড্র করেছিল বেলজিয়াম। কোর্তোয়া, হ্যাজার্ড, ডি ব্রুইনাদের ছাড়াই ম্যাচ খেলেছিল রেড ডেভিলরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পেয়েছিলেন ডি ব্রুইনা।
তবে স্বস্তির খবর, দলের অনুশীলনে ফিরেছেন তিনি। এদিকে ক্রোয়েশিয়ার অবস্থাও ভালো না। বিশ্বকাপের ফাইনালিস্টরা গেল ম্যাচে ড্র করেছে দুর্বল আর্মেনিয়ার বিপক্ষে। তোপের মুখে আছেন কোচ জ্লাতকো দালিচ। ইউরো শুরুর আগে জয়ের ধারায় ফিরতে চাইবে লুকা মড্রিচের দল। দু’দলের মুখোমুখি সাত দেখায় তিন জয়ে এগিয়ে আছে ক্রোয়েশিয়া, বেলজিয়ামের জয় দুটিতে।