মূল সংবাদে যান

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা: পররাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশকে পৃথিবীর ‘নাম্বার ওয়ান’ বা সেরা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এমনকি বিভিন্ন ধর্মীয় আচার–অনুষ্ঠান পালনে আর্থিক সহায়তাও করা হয়েছে, যা অন্যান্য দেশে বিরল।

শনিবার দুপুরে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

জাতীয় নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটতে পারে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বছর পর নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে জানিয়েছে ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। তবে ভারত সরকার প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে।