মূল সংবাদে যান

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খুলনায় পুকুরে যমজ দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মা গ্রেপ্তার

খুলনার তেরখাদায় পুকুর থেকে যমজ দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। পুলিশ এই মামলায় ওই শিশুদের মা কনা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে। পারিবারিক অশান্তির জেরে আড়াই মাস বয়সী দুই শিশুকে কনা বেগম শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ বলছে, পারিবারিক অশান্তি ও যমজ শিশুকে দেখভাল করতে অতিষ্ঠ হওয়ার ক্ষোভ থেকে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করেন মা কনা বেগম। পরে তিনি দুই শিশুকে তাঁদের বাড়ির পুকুরে ফেলে দেন। সকালের দিকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছে না এমন অজুহাত তুলে খোঁজাখুজি শুরু করেন। পরে এলাকাবাসী শিশু দুটির লাশ পুকুর থেকে উদ্ধার করেন।

এ ঘটনায় গতকাল রাত ১১টার দিকে তেরখাদা থানায় কনা বেগমের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্বামী মাসুম বিল্লাহ। পরে পুলিশ কনা বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

কনা বেগমের স্বামী মাসুম বিল্লাহর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। বাচ্চা মারা যাওয়ার খবর শুনে তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন।

এসএসডিসি/ ইবিএস/ ১৯-০২-২২/ ১১:৫৮