নগরীর চৌহাট্টায় দৌলতপুর স্কয়ার নামক একটি ৪ তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো অর্থ সংশ্লিষ্ট হওয়ায় এর ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে হবে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া জানান, ২টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত আমাদের তালতলা স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করে। পরবর্তীতে আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। বিকেল সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে দৌলতপুর স্কয়ারের ৩য় তলায় আগুন দেখা যায়। সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি টিম এসে প্রথমে ৩য় তলার যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেসব কক্ষের গ্লাস ভেঙে দেয়। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ শুরু করে তারা। পরে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট তাদের সঙ্গে এসে যোগ দেয়। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পাশের একটি বেবি কর্নারে গত মঙ্গলবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরদিন গতকাল বুধবার দৌলতপুর স্কয়ারে আগুনের ঘটনায় আশপাশ এলাকায় আতংক দেখা দেয়। সিলেট চৌহাট্টা আম্বরখানা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। এসির শর্টসার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।