মূল সংবাদে যান

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

এবার হজ পালনের খরচ বাড়তে পারে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ বছর হজ পালনে খরচ বাড়ার সম্ভাবনা আছে। মিনায় তিনদিন অবস্থানকালে আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। জ্বালানির দামের ঊর্ধ্বগতির জন্য বিমান ভাড়াও বেড়ে গেছে। এসব কারণে খরচ বাড়তে পারে।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ থেকে কতজন হজ করতে পারবেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অফিসিয়ালি কোনো ঘোষণা না এলেও এ বছর হজ হবে। তবে কতজন যেতে পারবেন তা ঠিক করতে আজ একটা মিটিং হওয়ার কথা আছে। মিটিংয়ের পর সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান প্রমুখ।