জাতীয়
পিস্তল হাতে ভাইরাল ‘কিশোর গ্যাং’ লিডার বাপ্পী গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশে পিস্তল হাতে ভাইরাল কিশোর গ্যাং লিডার সোহেল চৌধুরী বাপ্পীকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বাপ্পী উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের শামসুল আলমের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- নির্মাণাধীন একটি ভবনের সিঁড়ির ওপর দুই পা ছড়িয়ে বসে আছেন বাপ্পী। তার পরনে জিন্স প্যান্ট ও পাঞ্জাবি। চোখেমুখে উত্তেজনা। দুই পায়ের মাঝে সিঁড়ির ওপর রাখা আছে অত্যাধুনিক পিস্তল। আর দুই হাতে পিস্তলের ম্যাগজিন। এক এক করে সেই ম্যাগজিনে ঢোকালেন বুলেট। কিছু বুলেট ঢোকালেন পাঞ্জাবির পকেটেও। এরপর পিস্তলের ভেতর ম্যাগজিন ঢুকিয়ে নিলেন গুলি করার প্রস্তুতি।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস থেকে শুরু করে খরনা রাস্তা, চেয়ারম্যান ঘাটা, মোজাফফরাবাদ, কাঞ্চনাবাদ ইউনিয়ন, রৌশনহাট, বাদামতল এলাকায় অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন বাপ্পী। অর্ধশত সদস্যের কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক বাপ্পীর বিরুদ্ধে মাদক বেচাকেনা, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগে একাধিক মামলা রয়েছে।