সিলেটের মেজরটিলায় আফরিজ মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে গতকাল রাতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
জানা যায়, আফরিজ মিয়ার মেয়ে সাদিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিলো মাসুম নামের এক ছেলের। বিয়ের কিছুদিন পর মাসুম ইংল্যান্ডে পাড়ি জমায়। তার কিছুদিন পর সাদিয়াও পাড়ি জমায় ইংল্যান্ডে। কিন্তু এসব কারণে সাদিয়ার সাথে তার পরিবারের সম্পর্ক ভালো নেই। এদিকে সাদিয়া ইংল্যান্ড যাওয়ার পর তার স্বামী মাসুমের সাথেও তার সম্পর্ক খারাপ হয়। মাসুমকে ইংল্যান্ড যাওয়ার সময় মায়ের গহনা বিক্রি করে ও বিভিন্ন জায়গা থেকে ধার করে টাকা দিয়েছিলো সাদিয়া। কিন্তু সাদিয়া মাসুমের কাছে সেই টাকা চাইতে গেলে মাসুম তাকে হত্যার হুমকি দেয়। দেশে থাকা তার দুই ভাইবোন সানজিদা (৩০) ও রনি (২৪) কে সাদিয়ার পেছনে লেলিয়ে দেয়। এই ঘটনার জের ধরেই সাদিয়ার বাড়িতে সন্ত্রাসীদের মাধ্যমে হামলা চালায় মাসুমের ভাই রনি।
এদিকে ভুক্তভোগী আফরিজ মিয়া অভিযোগ করে বলেন, প্রেম করে মাসুমকে বিয়ে করার কারণে আমার মেয়ে সাদিয়ার সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক নেই। কিন্তু তার কারণে কেন আমার বাড়িতে হামলা চালানো হলো আমি এর সুষ্ঠু বিচার চাই। হঠাৎ করে এমন অতর্কিত সন্ত্রাসী হামলার কারণে আমার পরিবার খুব আতঙ্কিত হয়ে পড়েছে। শীঘ্রই আমি থানায় একটি লিখিত অভিযোগ করবো।
শাহপরান থানার ওসি এম এ রউফ খান বলেন, হামলার ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।