মূল সংবাদে যান

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সাহিত্য
গুণীজনদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি

সিলেটে কিশোরতারা ও সফল মানুষের গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

সৃজনশীল শিশুকিশোর পত্রিকা ‘কিশোরতারা করামত আলী সংখ্যা’ এবং লেখক ইউনুছ আলীর ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ বইয়ের তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশনা দুটির মোড়ক উন্মোচন করা হয়।

কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাস, বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, বিশিষ্ট সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজনশীল প্রকাশনাসংস্থা পাপড়ির স্বত্ত্বাধিকারী কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলম। শুরুতে কুরআন তিলাওয়াত করেন ছড়াকার জহুর মুনিম।

প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, কবি করামত আলী অসাধারণ রসবোধ ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী এক সাহিত্যসাধক ছিলেন। তাঁর সাহিত্যপ্রতিভা, কর্ম ও ব্যক্তিত্ব তাঁকে মানুষের স্মৃতিতে অমর করে রেখেছে। ‘কিশোরতারা’র বিশেষ সংখ্যা প্রকাশের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রকাশনা গুণীজনদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি শিশুকিশোরদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে বক্তারা ছড়াকার ও প্রাবন্ধিক ইউনুছ আলীর ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ গ্রন্থের তৃতীয় খণ্ড প্রকাশের প্রশংসা করেন। তাঁরা বলেন, বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের জীবন, কর্ম ও অভিজ্ঞতা পাঠকের সামনে তুলে ধরা একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রয়াস। এ ধরনের বই পাঠকদের সাফল্যের পেছনের সংগ্রাম, অধ্যবসায় ও জীবনবোধ সম্পর্কে জানতে সহায়তা করে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় ব্যক্তিদের জীবনকথা তুলে ধরার মধ্য দিয়ে এ ধরনের গ্রন্থ ইতিবাচক প্রেরণা জোগাতে পারে।

বক্তারা আরও বলেন, শিশুকিশোরদের উপযোগী পত্রিকা সম্পাদনা ও প্রকাশের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বই পড়া, সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। এ ক্ষেত্রে ‘কিশোরতারা’র মতো প্রকাশনার ভূমিকা গুরুত্বপূর্ণ। গুণীজনদের জীবন ও কর্ম নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ এবং শিশু-কিশোরদের মননশীল পাঠাভ্যাস গড়ে তোলার এ উদ্যোগ অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা এ ধরনের প্রকাশনা উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি করামত আলীর দ্বিতীয়পুত্র বদরুল আলম, অ্যাডভোকেট আবু ছালেহ চৌধুরী, শিল্পী সানাউল ইসলাম সুয়েজ, অ্যাডভোকেট শামছ উদ্দিন, লেখক বশির আহমদ, শিশুসাহিত্যিক মিনহাজ ফয়সল, কবি মিলন কান্তি দাস, পাঁচু মোহন বিশ্বাস, কবি এস এম ফাহিম, শিক্ষক মোঃ মাসুক আহমদ, সিতাংশু বিশ্বাস, আলাউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম জয়নাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি শাহনূর আলম মাহির, শিব্বির আহমদ প্রমুখ।