উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে এবার সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের বৈশাখীর বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ বাঁধটি ভেঙ্গে গেছে। উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছুবা মিয়া বাঁধটি ভেঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে স্থানীয় এলাকাবাসী বাঁধটি রক্ষার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। সর্বশেষ বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাজার কৃষকের প্রাণপণ চেষ্টাকে ব্যর্থ করে বাধটি ভেঙে যায়।
কলিয়ার কাপন গ্রামের ইউপি সদস্য রুমন চৌধুরী জানান, চাপতির হাওরে এবার প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর বোরো ধান চাষাবাদ করা হয়েছে। তিনি আরও জানান, এ হাওরে মাত্র ধানের মুকুল বের হয়েছে। আর অন্তত ১৫দিন সময় পেলে কৃষক হাসিমূখে সোনালী ফসল গোলায় তোলতে পারতেন।