জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিহীনদের অবস্থান কর্মসূচি

সোনার সিলেট ডেক্স
  • আপডেট Sunday, January 24, 2021,

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন ও সরকারী খাসজমি বন্দোবস্তের দাবীতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৬নং টুকেরবাজার ইউনিয়নের সুরমা নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারা সর্বস্বান্ত ভূমিহীন পরিবারগণ ছেলে-মেয়ে, নারী-পুরুষ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
ভূমিহীন পরিবারের সদস্যগণ সকাল সাড়ে ১০টায় কাজিরবাজারে জমায়েত হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে ভূমিহীন পরিবারবর্গের সদস্যরা বলেন, আমরা সম্মিলিতভাবে বিগত ০৭-১২-২০১৮ইং তারিখে খাসজমি বন্দোবস্তের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি সহকারে আবেদন করি। পরবর্তীতে ২৫-০২-২০১৯ইং তারিখে ভূমিহীন আবেদন ফরমে বিভিন্ন তথ্য সম্বলিত আবেদন করি এবং ২৬-০৭-২০১৯ইং তারিখে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আবেদন করি।
পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশপত্রসহ জেলা প্রশাসকের কাছে পুনরায় আবেদন করা হয়। তৎপরবর্তীতে ০৩-০৯-২০১৯ইং তারিখে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূণর্বাসনের জন্য আবেদন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিকট বিভিন্ন সময় আবেদন নিবেদন করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর মধ্যে মপ্রধানমন্ত্রী সিলেট জেলাসহ সরাদেশে ভূমিহীনদের জন্য ‘স্বপ্ননীড়’ নামে প্রায় ৭০ হাজার পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করেছেন। কিন্তু আমাদের অসহায় পরিবারগুলো অসহায়ত্বের সুরাহা হয়নি। আমরা অতি মানবেতরভাবে সিলেট-সুনামগঞ্জ রাস্তার পাশে অস্থায়ীভাবে ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করার কারণে প্রতিনিয়ত বাস-ট্রাকের দুর্ঘটনায় শিশু, বৃদ্ধরা প্রাণ হারাচ্ছে। প্রায় সময় ট্রাক, বাস আমাদের ঝুপড়ি ঘরে উল্টে পড়ছে। প্রশাসন বার বার উচ্ছেদ হওয়ার নোটিশ দিচ্ছে। কিন্তু আমাদের আশ্রয় নেওয়ার কোন স্থান নেই বিধায় মৃত্যুর ঝুঁকি নিয়েই এখানে বসবাস করতে হচ্ছে। তাই নিরাপদ আশ্রয়ের আশায় বিভিন্ন সময় শান্তিপূর্ণ অবস্থায় আইনিভাবে আবেদন নিবেদন করে আসছি। কিন্তু এত কিছুর পরেও হাজার হাজার গৃহহীন ঘর পেলেও আমাদের ভাগ্যে ঘর বা জায়গা কোনাটাই জুটেনি। তাই নিরুপায় হয়ে আজ আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির আহবায়ক ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সর্বস্বান্ত পরিবারের আহবায়ক মোঃ ছত্তার মিয়া সভাপতিত্বে ও রমজান আলী পটুর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমিহীন পরিবারের অধিকার রক্ষার সংগ্রাম কমিটির আহবায়ক হুসাইন আহমদ লিটন, আক্তার হোসেন, খালেদ মিয়া, দুদু মিয়া, আলী আহমদ ও রেহানা বেগম প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে ভূমিহীন পরিবারের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক আনছার আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার অন্যতম নেতা প্রণব জ্যোতিপাল প্রমুখ। অবস্থান কর্মসূচি চলা অবস্থায় পুনরায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo