১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪০

সিলেটে জমে উঠেছে পশুর হাট

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫,

কোরবানির ঈদ সামনে রেখে সিলেটজুড়ে জমে উঠেছে পশুর হাট। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কিছুটা ধীরগতি থাকলেও, বুধবার সকাল থেকেই বিভিন্ন হাটে দেখা যায় জমজমাট পরিবেশ। ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পশুর হাটগুলো।

হাটে দেশি প্রজাতির ছোট, মাঝারি ও বড় আকৃতির গরু এবং ছাগলের আধিক্য চোখে পড়েছে। হাটজুড়ে চলছে ব্যাপক দর-কষাকষি। গরু কেনার আগে অনেকেই একাধিক হাট ঘুরে দেখে নিচ্ছেন পছন্দের পশু। বিক্রেতারা জানালেন, গতকালের তুলনায় আজ ক্রেতার সংখ্যা বেশি।
কাজিরবাজার হাট ঘুরে দেখা যায়, সারি করে রাখা গরুগুলোর সামনে ভিড় করছেন ক্রেতারা। কেউ গরুর দাঁত দেখে দাম ঠিক করছেন, কেউবা হাত বুলিয়ে গরুর স্বাস্থ্য যাচাই করছেন।

ওই হাটের বিক্রেতা আনোয়ার মিয়া বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে গরু এনেছি। ছোট গরু ৬৫-৭৫ হাজার, মাঝারি ৮০-৯৫ হাজার এবং বড় গরু ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে বড় গরুর ক্রেতা তুলনামূলক কম।”

হাটে আসা বালাগঞ্জের বাসিন্দা রিয়াজ উদ্দিন বলেন, “আমি আজ একটি ৭৫ হাজার টাকার গরু কিনেছি। আগের বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও মান ভালো।”

আরেক ক্রেতা শাহীনুর রহমান বলেন, “বাজার ঘুরেছি, গরু ভালো আছে। তবে বাজেট একটু বাড়াতে হয়েছে।”

ব্যবসায়ীরা জানান, “বৃষ্টির কারণে শুরুতে ক্রেতার সংখ্যা কম ছিল। তবে এখন হাটে ভিড় বাড়ছে। অনেকেই শেষ মুহূর্তে পশু কিনতে আসেন, কারণ আগেভাগে রাখার জায়গা, খাবার ও পরিচর্যার ঝামেলা থাকে। আশা করছি বৃহস্পতিবার ও ঈদের আগের দিন শুক্রবার হাটের ভিড় আরো বাড়বে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo