বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে সদ্য পদোন্নতি পাওয়া কবি মো. আমিনুল ইসলাম কাজলকে সংবর্ধনা জানিয়েছে সৃজনশীল প্রকাশনাসংস্থা ‘পাপড়ি’ ও সিলেট সাহিত্য কেন্দ্র। ব্যাংকিং ও সাহিত্য—দুই জগতেই তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সাহিত্যিক, ব্যাংকার ও সংস্কৃতিপ্রেমীরা। অনুষ্ঠানে বক্তারা তাঁর পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করেন।
সম্প্রতি সিলেট নগরীরর তালতলাস্থ পাপড়ি কার্যালয়ে বিশিষ্ট কলামিস্ট, কবি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রকাশনাসংস্থা পাপড়ির স্বত্ত্বাধিকারী ও সিলেট সাহিত্য কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দেশের বিশিষ্ট কলামিস্ট, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার প্রধান বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মোঃ নূরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সিলেট ডটকমের সম্পাদক কবি মুহিত চৌধুরী ও দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাহিত্যপত্রিকা আমাদের ডাক সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফ, পাপড়ি সাহিত্যপত্রিকার নির্বাহী সম্পাদক কবি নাঈমুল ইসলাম গুলজার, কাব্যকিশোর পত্রিকার সম্পাদক ছড়াকার পারভেজ হুসেন তালুকদার, প্রকাশনাসংস্থা পাপড়ির নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাহসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী বলেন, আজ আমরা এক অসাধারণ ব্যক্তিত্ব, কবি ও ব্যাংকার আমিনুল ইসলাম কাজলকে সম্মান জানাতে একত্রিত হয়েছি। তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস।
সম্মানিত অতিথির বক্তব্যে, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবি মোঃ নূরুজ্জামান বলেন, আমিনুল ইসলাম কাজল পেশাগত জীবনে একজন উচ্চপদস্থ ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাঁর অন্তর্নিহিত সত্তা একজন কবি, যিনি শব্দের মাধ্যমে জীবনের গভীরতা ও সৌন্দর্য প্রকাশ করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সিলেট ডটকমের সম্পাদক কবি মুহিত চৌধুরী বলেন, কবি আমিনুল ইসলাম কাজলের সাহিত্যকর্মে আমরা দেখি সমাজের অসঙ্গতি, ইতিহাস, প্রেম, বিচ্ছেদ, মানবাধিকার ও আধ্যাত্মিক চিন্তাভাবনা। তাঁর কবিতায় গ্রামীণ ও শহুরে জীবনের চিত্র, ইতিহাস-ঐতিহ্য ও মিথের সমন্বয়ে একটি সমৃদ্ধ কাব্যভুবন গড়ে উঠেছে।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার বলেন, আমিনুল ইসলাম কাজলের ইতোমধ্যে দুটি কবিতাগ্রন্থ প্রকাশ হয়েছে। ব্যাংকিং পেশায় উপচ্চপদস্থ কর্মকর্তা হয়েও এসব সাহিত্যকর্ম তাঁর সৃজনশীলতা ও সাহিত্যপ্রেমের সাক্ষ্য বহন করে।
সভাপতির বক্তব্যে কবি বেলাল আহমদ চৌধুরী বলেন, কবি আমিনুল ইসলাম কাজল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় আমরা তাঁকে অভিনন্দন জানাই এবং তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
অনুষ্ঠান শেষে কবি আমিনুল ইসলাম কাজলের হাতে পাপড়ি ও সিলেট সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার হুসাইন হামিদ।