যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট Sunday, September 14, 2025,

বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী, বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে ২০ বছর। পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আরেকটু বেশি হবে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের এ বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের ওপর। এ বিধান এখনো চূড়ান্ত হয়নি। এতে কিছু শর্ত যুক্ত থাকবে।

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা যুক্তি–তর্কের ভিত্তিতে সবকিছু শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকার জনগণের যে অভিযোগ, সেটা তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারে। কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে অবরোধ তুলে না নেয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo