নির্বাচিত সংবাদ
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা আল আমিন মিয়ার উপর ছাত্রদলের হামলা
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট জেলার সদর উপজেলার ছাত্রলীগের সহ সম্পাদক আল-আমিন মিয়াকে (৩১) পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল সন্ত্রাসীদের বেধড়ক মারধরে অচেতন হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
গত ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে একটি দোকানে বসে মোবাইল টিপছিলেন আল-আমিন মিয়া। এসময় হঠাৎ দেশীয় অস্ত্রসস্ত্রসহ মাস্ক পরা অবস্থায় ছাত্রদলের কিছু সন্ত্রাসী দোকানে ঢুকে তার উপর অতর্কিত হামলা চালায়। তাদেরকে টেনেহিঁচড়ে প্রাণের ভয়ে দোকানের পেছন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন আল-আমিন। কিন্তু সন্ত্রাসীরা সংখ্যায় বেশি হওয়ায় তারা তাকে ধরে ফেলে। এবং দোকানের পেছন দিকে নিয়ে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দোকানের মালিক আল-আমিন মিয়াকে অচেতন অবস্থায় পেয়ে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মাসুদা আক্তার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয়রা জানান, এ ধরনের তান্ডবে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।
