নির্বাচিত সংবাদ
এমসি কলেজ ছাত্রাবাসে শিবির নেতা ফয়সল আলমের ওপর হামলার অভিযোগ
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে ছাত্রশিবির নেতা ফয়সল আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। রবিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার (২৩ এপ্রিল ২০১৭) দুপুরে ছাত্রদল নেতা বেলাল আহমদের সঙ্গে রাজনৈতিক বিরোধের জের ধরে ফয়সল আলমের কথা-কাটাকাটি হয়। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে বেলাল আহমদের নেতৃত্বে ছাত্রলীগ নেতা সাইফুর, ডায়মন্ড, মাহফুজ, রাহি ও নিউটনের উপস্থিতে ১০-১৫ জন ছাত্রদল ও ছাত্রলীগের নেতা কর্মীরা ফয়সল আলমের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে এমসি কলেজ ছাত্রাবাসের হোস্টেল সুপার অধ্যাপক জামাল উদ্দিনের সহায়তায় আহত ফয়সল আলমকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এমসি কলেজ ছাত্রশিবির নেতৃবৃন্দ।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।