সিলেট মহানগরের শাহপরান থানা বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার বিরুদ্ধে এক প্রবাসীর জমি জবরদখল এবং বাধা দিতে গেলে হামলা ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসীর নাম আতাউর রহমান।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত কয়েক দিন ধরে শাহপরান এলাকায় প্রবাসী আতাউর রহমানের মালিকানাধীন জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বিএনপি নেতা বাচ্চু মিয়া ও তাঁর অনুসারীরা। ঘটনার দিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবলসহ ওই জমিতে গিয়ে তারা সাইনবোর্ড টানিয়ে দেয় এবং জোরপূর্বক নির্মাণকাজ শুরু করে।
এ সময় জমির মালিক প্রবাসী আতাউর রহমান ও তাঁর স্বজনেরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলায় প্রবাসীর পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। দিনদুপুরে সংঘটিত এই ঘটনায় আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। তারা অবিলম্বে এই দখলদারিত্বের প্রতিকার চেয়ে এবং অভিযুক্ত বিএনপি নেতা বাচ্চু মিয়াসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, এই ঘটনার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত বিএনপি নেতা বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।